মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আমান কাজী নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, প্রায় তিন মাস ধরে প্রশাসনের নজর এড়িয়ে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে।স্থানীয় কৃষকরা জানান, ফসলি জমি থেকে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে জমির ব্যাপক ক্ষতি হতে পারে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।স্থানীয় সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আমান কাজীর নেতৃত্বে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে।সরেজমিনে দেখা যায়, ড্রেজারের পাইপ নেওয়ার জন্য পাকা সড়কের অংশ কাটা হয়েছে। এতে সড়কের ওপর কাদা ও হাঁটুপানি জমে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় কৃষক ও এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এ অভিযোগের বিষয়ে আমান কাজীকে না পাওয়া তার মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন আপনারা আপনাদের মত করে ভিডিও করেন, পারলে ভেঙে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন কে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।