মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।লিখিত বক্তব্যে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, শারীরিক, পারিবারিক ও সামাজিক কারণে তিনি পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।’সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁর পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ বা অন্য কোনো দলের প্ররোচনা রয়েছে কি না, জানতে চান। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়।জবাবে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, কোনো চাপ বা অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেননি। শারীরিক ও পারিবারিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।তিনি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।