সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর রাতে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও রেলস্টেশন এলাকায় ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় ৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয় এবং সন্দেহজনক ঘোরাঘুরির সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— তানভীর হাসান (২০), রিয়াজ উদ্দিন তুষার (২৪), মোঃ সাহেদ (২২), শাহীনুর রহমান (২১), জাহেদ মিয়া (২৬), আমজাদ হোসেন (২৭) এবং মোঃ মিকদাত (২৩)। তাদের সবার বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী গ্রামে। অপরদিকে, ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) মোঃ আজিমুল হকের নেতৃত্বে ইসলামপুর খানঘোনা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে অপরাধে ব্যবহৃত একটি হেক্সা ফ্লোডিং ছোরাসহ ফেরদৌস ওয়াহিদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ খানঘোনা নাপিতখালী গ্রামের মোহাম্মদ ইসলাম ও নুরুন নাহার দম্পতির ছেলে এই তরুণকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ