- নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়।শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—ফেনী সদর উপজেলার উত্তর বিরিঞ্চি এলাকার মৃত মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আতারের রহমান প্রকাশ সোহাগ (৩৯) এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার মো. এরশাদ উল্লাহর ছেলে ওমর সাইফ (২৫)।র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি চক্র ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ৩৫ মিনিটে ফেনী সদর থানাধীন কসকা বাজার সংলগ্ন স্টার লাইন বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র্যাব।তল্লাশির একপর্যায়ে একটি হাইয়েস মাইক্রোবাস চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালক ও চালকের পাশের আসনে থাকা এক ব্যক্তি তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে গাড়িটি তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ২০টি কার্টন থেকে মোট ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।