- সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১- ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন । জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।