- আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি প্রতিনিধি:
পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার মাঈনুল ইসলামের ছেলে মোঃ ইমাম হাসান তামিম (২৫) এবং ১ নম্বর ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকার মৃত আবুল হোসেন মল্লিকের ছেলে মোঃ জামাল মল্লিক (৪২)।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পটুয়াখালী সদর থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল নিয়মিত মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন কালিকাপুর হোটেলের দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছেন। সংবাদের সত্যতা পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই হোটেলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তামিম ও জামালকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাদের তল্লাশি করে ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।