আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী :
পটুয়াখালী সদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাসেল ফকিরকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর থানার এ.এস.আই) মোঃ বায়েজীদ হোসেন, এ.এস.আই মোঃ সুমন হাওলাদার এবং এ.এস.আই মোঃ সালাউদ্দিন প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রাসেল ফকির পটুয়াখালী জেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম শারিকখালী গ্রামের মোঃ নুরুজ্জামান ফকিরের ছেলে। তিনি কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমার ছোট ভাই হিসেবে এলাকায় পরিচিত। পুলিশ জানায়, রাসেল ফকিরের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তিনি একটি ধর্ষণ মামলারও এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পটুয়াখালী সদর থানা পুলিশ।