- মীর জাহেদ (রাঙ্গুনিয়া):
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনটি চালকলে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার রানীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় তিনজন অভিযুক্তকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু বলেন, জনস্বার্থে খাদ্যপণ্যের উৎপাদন, মজুদ ও বিপণনে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।