নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতাযুক্ত শিল্পীকে দিয়ে গান পরিবেশন করানোর অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে গান পরিবেশন করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ; কিন্তু এটিকে রাজনৈতিক রূপ দিয়ে তাঁর সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন ওই শিল্পী। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে শিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দলীয় পদ-পদবীতে ছিলাম না এবং এখনো নেই। ১৭ বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন আয়োজনে গান গেয়ে আসছি। কিন্তু অতীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার পুরোনো ছবি অপব্যবহার করে সমাজে আমার সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর মিথ্যাচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই শিল্পী হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তিনি প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।