-
আন্তর্জাতিক ডেক্স:
‘সাহস আছে? বল, আসবি?’—চতুরের সেই সংলাপ ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম
বিশ্ব শিক্ষক দিবস মানেই যেন নতুন করে ফিরে আসা ‘থ্রি ইডিয়টস’-এর সেই স্মরণীয় দৃশ্য। ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয় চতুর রামালিঙ্গমের সেই বিখ্যাত চ্যালেঞ্জ। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শারমান জোশির অভিনয় এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি শিক্ষা, শিক্ষার্থীদের চাপ, বন্ধুত্ব ও জীবনের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি হাস্যরসের কারণে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সিনেমাটির অন্যতম আলোচিত চরিত্র চতুর রামালিঙ্গম। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার সেই বিতর্কিত ও হাস্যরসাত্মক বক্তৃতা দর্শকদের এখনও হাসায়। তবে তার চেয়েও বেশি আলোচনায় আসে ৫ সেপ্টেম্বর রাতে র্যাঞ্চো ও তার বন্ধুদের উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ। সিনেমার দৃশ্যে চতুর পানির ট্যাঙ্কের দেয়ালে ৫ সেপ্টেম্বরের তারিখ লিখে র্যাঞ্চোদের চ্যালেঞ্জ জানিয়ে যায়। সেই দৃশ্যই এখন প্রতিবছর শিক্ষক দিবসে নতুন করে ভাইরাল হয়। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দৃশ্যটির একটি ছবি। ক্যাপশনে লেখা হয়েছে—‘১৪ বছর হয়ে গেল, সাহস আছে? বল, আসবি?’
পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রকম হাস্যরস। একজন লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে লকস্ক্রিনে ৫ সেপ্টেম্বরের তারিখ দেখেই বুঝেছিলেন, এদিন ইন্টারনেট আবারও এই মিমে ভরে যাবে। আরেকজন মজা করে মন্তব্য করেছেন, প্রতি বছর ওমি বৈদ্যকে নিয়ে একটি করে শর্ট ফিল্ম হওয়া উচিত। সেখানে চতুরের মতো নিজের বড়াই করতে করতে তিনি র্যাঞ্চোদের খুঁজে বেড়াবেন। অনেকেই আবার এই দৃশ্যকে কেন্দ্র করে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর আসার আগেই তারা আবারও দেখে নিয়েছেন প্রিয় ‘থ্রি ইডিয়টস’। চতুর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও এর আগে এই জনপ্রিয় দৃশ্যের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন। ২০২২ সালে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে চতুরের স্টাইলে বিলাসবহুল গাড়ি ও টাকা-পয়সা নিয়ে অহংকার করতে দেখা যায় তাকে। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শারমান জোশির পাশাপাশি অভিনয় করেছেন বোমান ইরানি, কারিনা কাপুরসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং বলিউডের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে পরিচিতি লাভ করে। সিনেমাটি মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও চতুরের সেই চ্যালেঞ্জের আবেদন যেন ফুরায়নি। তাই ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভেসে ওঠে সেই প্রশ্ন—‘সাহস আছে? বল, আসবি?’