-
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
চট্টগ্রাম কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শনিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মো. জহির (১৯) উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহির স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।