আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং উত্তর সাতকানিয়া থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে কেরানীহাট সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্ট মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন চলাকালে নেতাকর্মীদের ওপর চালানো হামলা, মামলা ও জুলুম-নির্যাতন মোকাবেলা করেই আজ দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাতকানিয়া পৌর যুবদল নেতা এস এম জাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য রাজীব চৌধুরী, সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, টেমসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কবির ও আনিসুল রহমান আনাস এবং সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কোকাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।