আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিশেষ উদ্যোগে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই বিশেষ বরাদ্দ ছাড় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়া-লোহাগাড়া নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে ডিও লেটার দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এর ধারাবাহিকতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দের আওতায় যেসব সড়ক রয়েছে:
পশ্চিম আমিলাইশ জিপিএস–খাড় মসজিদ রোড।বিল্লাপাড়া রোড (শিশুতলা সংলগ্ন)।মধ্যম দুরদুরি কাতারপল্লী–আলী গোনা আল-হেলাল মহিলা মাদ্রাসা রোড।মির্জা জাবল রোড।হাজী আব্দুল আলীম চৌধুরী (আলুর টু গারাঙ্গিয়া মাদ্রাসা) রোড।
সংশ্লিষ্টরা জানান, শুধু এই সড়কগুলোই নয়, সাম্প্রতিক বন্যায় সাতকানিয়া ও লোহাগাড়ার যেসব গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের কাজও চলমান রয়েছে।
জনগণের দুর্ভোগ লাঘব ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।