আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ১০০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালি উপহার বিতরণ করেছে ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য টিনশেড সামগ্রী, একটি ডাবল খাট ও বেডিং সেট, বিছানার চাদর, মাদুর, দুটি বালিশ, একটি মশারি এবং গৃহস্থালি কাজের জন্য বালতি, মগ ও এক সেট ডেকচি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যেভাবে সাতকানিয়ার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঘুরে দাঁড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে।
ড. আ ফ ম খালিদ হোসেন (সাবেক ধর্ম উপদেষ্টা) প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন,দুর্যোগ মোকাবিলায় ও মানুষের বিপদে নিঃস্বার্থভাবে সহায়তা করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন শুধু ত্রাণ বিতোজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা স্থায়ী পুনর্বাসনের মতো মহৎ উদ্যোগ নিয়েছে। আর্তমানবতার সেবায় এ ধরনের দীর্ঘমেয়াদী ও গঠনমূলক কার্যক্রম সমাজের বিত্তবানদের আরও অনুপ্রাণিত করবে।”
প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারম্যান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন) সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বন্যার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা কেবল তাৎক্ষণিক সাহায্য নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন মাথা গোঁজার ঠাঁয় ফিরে পায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছি। ভবিষ্যতেও মানুষের দুদর্শা লাঘবে আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।