কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে উৎসবমুখর পরিবেশে পর্দা উঠেছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের মোট ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে। গতকাল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রথম দিনের খেলা উপভোগ করতে মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে উদ্বোধনী ম্যাচে ফ্যালকন ফোর ও প্যাচাল মাস্টার মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হাবীবুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, সুস্থ ধারার ক্রীড়া চর্চা তরুণ সমাজকে গঠনমূলক কাজে অনুপ্রাণিত করে এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আয়োজক সংগঠন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেন। তার সেই আদর্শকে সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুসংগঠিত ঐক্য গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
সূত্র: মানবজমিন