মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> বিদেশে পাঠানোর মিষ্টি কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং পাওনা ফেরত চাইতে গিয়ে মারাত্মক নির্যাতনের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে। এ বিষয়ে ভুক্তভোগী মো. মোস্তাক আহমেদ পটুয়াখালী সদর থানায় আশরাফ আলী আকন (৫৮) ও তার প্রবাসী ছেলে মাসুদ আলম আকনের (৩০) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ২০২২ সালে আশরাফ আলী ও তার ছেলের সঙ্গে পরিচয় হয় মোস্তাক আহমেদের। তাকে ভালো চাকরি দিয়ে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ধাপে ধাপে ৫ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় এই বাবা-ছেলে চক্র। কিন্তু সময় গড়ালেও বিদেশে পাঠানোর কোনো নামগন্ধ ছিল না। সন্দেহ হলে মোস্তাক তার জমানো টাকা ফেরত চান। কিন্তু টাকা না দিয়ে উল্টো তাকে ভয়ভীতি দেখানো শুরু হয়। একপর্যায়ে মোস্তাককে একটি গোপন বাসায় আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে সেখান থেকে কৌশলে পালিয়ে ঢাকায় গিয়ে প্রাণ বাঁচান ভুক্তভোগী যুবক। সর্বশেষ গত ৪ জুলাই সকালে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রকাশ্যে মোস্তাককে আবার হুমকি ও ভয়ভীতি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার এখন তীব্র নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আত্মসাৎ করা টাকা ফেরতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লিখিত অভিযোগ জমা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।