কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত শুনানিতে নিশ্চিত হয়েছে যে, চালকের অবহেলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল, যার আইনি দায় বীমা কোম্পানিকেও বহন করতে হবে।
ভুক্তভোগী ব্যক্তি শারীরিক ও মানসিক কষ্ট এবং চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছিলেন। মামলায় ভুক্তভোগীর পক্ষে আইনজীবী রওদা বেহজাদ প্রয়োজনীয় আইনি যুক্তি ও নথিপত্র আদালতে উপস্থাপন করেন। এর আগে ট্রাফিক আদালত চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করেছিল, যা পরবর্তীতে আপিলের মাধ্যমে ৫ হাজার রিয়ালে নামিয়ে আনা হয়।
প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে বীমা কোম্পানি আপিল করেছিল। তবে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রেখেছেন। ক্ষতিপূরণের এই পরিমাণ নির্ধারণের সময় আদালত আহত ব্যক্তির বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে।
আল শার্ক পত্রিকার তথ্য অনুযায়ী, বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যালোচনা করে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করে। চালকের দায়বদ্ধতা এবং ভুক্তভোগীর প্রাপ্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে মামলাটির আইনি নিষ্পত্তি করা হয়েছে।
সূত্র: গালফ বাংলা