মো. মকছুদুল ইসলাম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সা. যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য জশনে জুলুছ (র্যালি), মিলাদ-কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, আল্লামা শাহ্ আব্দুল হক হক্কানী (রহ.) ট্রাস্ট, দুরদুরী আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাত্র পরিষদ এবং দুরদুরী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা.) স্মৃতি সংঘের চরতী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে আয়োজিত বর্ণাঢ্য জশনে জুলুছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সুন্নী জনতা অংশ নেন। র্যালিটি চরতী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুরদুরী নূর মোহাম্মদ কনভেনশন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে পবিত্র মিলাদ-কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ২০২৬-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ এবং মানবতার সার্বজনীন শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি, ইনসাফ ও প্রকৃত নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।