আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম সংবাদদাতা >>> মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ করেছে সাতকানিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মাদকের কুফল প্রচার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।পুলিশের এই উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, কর্মসূচিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকাবাসীর একটি বড় অংশের অভিযোগ, শুধু সচেতনতামূলক কর্মসূচি বা র্যালি দিয়েই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য মাঠপর্যায়ে মাদককারবারিদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান ও কঠোর আইনি পদক্ষেপ জরুরি।স্থানীয়দের দাবি, সাতকানিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের অবাধ বিস্তার ও কারবারিদের তৎপরতা চললেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান ও জোরালো অভিযান প্রায়ই অনুপস্থিত থাকে। ফলে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ও সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানান তারা সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন মহলের মতে, সমাজ থেকে মাদক দূর করতে সচেতনতামূলক কার্যক্রমের বিকল্প নেই, তবে এর পাশাপাশি অপরাধীদের প্রতি প্রশাসনের কঠোর অবস্থানও দৃশ্যমান হতে হবে। মাদকের উৎস, সরবরাহ ও মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলেই কেবল সমাজে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।তারা মনে করেন, কেবল র্যালি বা সভা-সমাবেশে সীমাবদ্ধ না থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি। প্রশাসনের দৃঢ় ভূমিকা এবং জনগণের সম্মিলিত সচেতনতাই সাতকানিয়াকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে পারে।সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম বলেন,আপনারা অনেকেই সঠিক বলেছেন—শুধু সচেতনতা নয়, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাও প্রয়োজন। আমি আপনাদের এই দাবির সাথে পুরোপুরি একমত। আজ থেকেই মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।তবে শুধু পুলিশ নয়, সমাজ ও পরিবারকে সাথে নিয়ে এই লড়াইয়ে জিততে হবে। মাদক কারবারিদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন, তথ্যদাতার পরিচয় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে। আসুন, সবাই মিলে সাতকানিয়াকে একটি মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।