কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছরের সন্তান স্বর্ণ শীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ সপরিবারে ভারতে যান। স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে মোট আটজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমও আট বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ