হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (HIA) প্যাসেঞ্জার টার্মিনালের ভেতরে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। এই সেবাটি টার্মিনালের বিশাল এলাকা জুড়ে যাত্রীদের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে সহায়তা করবে।
প্রতি ১৫ মিনিট পর পর এই শাটল বাসগুলো চলাচল করে। এই সুবিধাটি পাওয়ার জন্য কোনো ধরনের পূর্ব বুকিং বা নিবন্ধনের প্রয়োজন নেই। বিশেষ করে যেসব যাত্রীর কানেক্টিং ফ্লাইটের সময় কম, সাথে ভারী ব্যাগ রয়েছে অথবা দীর্ঘ পথ হাঁটতে শারীরিক সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য এই সেবাটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শাটল চলাকালীন সিটবেল্ট ব্যবহার করা এবং শিশুদের সার্বক্ষণিক সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। টার্মিনালের ডিপারচার ও অ্যারাইভাল জোনের নির্দিষ্ট স্থান থেকে এই শাটল পাওয়া যাবে। বিশেষ করে অ্যারাইভাল শাটলগুলো যাত্রীদের সরাসরি ইমিগ্রেশন এস্কেলেটরের কাছাকাছি নামিয়ে দেয়, যা যাত্রীদের সময় সাশ্রয় করবে।
সূত্র: গালফ বাংলা