বেঙ্গালুরুর চিক্কাবানাভারা এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ও তার চার বছরের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যু স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হারিণী নামে ওই নারী তার কথিত প্রেমিক বিনয়ের সহায়তায় স্বামী অভিনন্দনকে হত্যা করেছেন। ঘটনার সময় তাদের পাঁচ বছর বয়সী ছেলে যদুবীর ঘুম থেকে জেগে উঠলে তাকেও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের জোরালো সন্দেহ রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ঘুমানোর ব্যবস্থা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হারিণী রান্নাঘরের হাতা দিয়ে অভিনন্দনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তারা আলাদা ঘরে চলে যান এবং হারিণী তার প্রেমিক বিনয়কে বাড়িতে ডেকে আনেন। দুজনে মিলে অভিনন্দনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় শিশু যদুবীর জেগে উঠলে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সব প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাড়িতে থাকা রক্তের দাগ পরিষ্কার করা হয় বলে পুলিশের ধারণা। হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ঘটনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।
এদিকে ঘটনার পর থেকেই বিনয় পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ কানাকাপুরার নিকটবর্তী হেরোহাল্লি ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তদন্তকারী কর্মকর্তাদের সন্দেহ, বিনয় যখন বাড়িতে প্রবেশ করেছিল, তখন সিসিটিভি ক্যামেরাগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং প্রক্রিয়া শেষে পরিবারের গ্রামের বাড়িতে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিনয়কে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যাকাণ্ডের নেপথ্যের আরও অনেক অজানা তথ্য সামনে আসবে। বর্তমানে এই জোড়া খুনের ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: মানবজমিন