মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) >>> কুমিল্লায় অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাডো গাড়ি জব্দ করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া এলাকার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আটক ব্যক্তিরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার ফয়সাল ও আমান উল্লাহ আরমান। তাদের প্রাডো গাড়িতে ইয়াবার চালানটি বহন করা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ইয়াবার চালানটি ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।এদিকে, একটি মহল আটক ব্যক্তিদের একজনকে টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, আটক ফয়সাল হ্নীলার কথিত জামাই হলেও তিনি হ্নীলার স্থায়ী বাসিন্দা নন।অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেক আইডি থেকেও আটক ব্যক্তিদের একজনকে হ্নীলার বাসিন্দা হিসেবে প্রচার করে স্থানীয় নিরীহ ব্যক্তিদের মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এতে প্রকৃত মাদক কারবারি ও চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের এই চালানের সঙ্গে জড়িত প্রকৃত গডফাদারদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।তবে আটক ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও মাদকের চালানের সঙ্গে কারা জড়িত—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।