বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে সৌদি আরবের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০২৬ সালের ‘একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ বা সাংহাই র্যাঙ্কিংয়ে তাইফ বিশ্ববিদ্যালয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জাজান বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে তাইফ বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬২৭তম অবস্থানে থাকা এই প্রতিষ্ঠানটি এবার ২১৯ ধাপ এগিয়ে ৪০৮তম স্থানে উঠে এসেছে। এই সাফল্যের ফলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে।
অন্যদিকে, রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় গত বছরের ৯০১-১০০০ স্তর থেকে উন্নীত হয়ে এবার ৬০১-৭০০ স্তরে জায়গা করে নিয়েছে। এছাড়া টানা তৃতীয়বারের মতো বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে জাজান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০১-১০০০ স্তরের মধ্যে স্থান পেয়েছে এবং সৌদি আরবের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গবেষণার মান উন্নয়ন, গবেষকদের সহায়তা প্রদান, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থিতি জোরদার করার ফলেই বিশ্ববিদ্যালয়গুলোর এই সাফল্য অর্জিত হয়েছে। সাংহাই র্যাঙ্কিংয়ে প্রতি বছর বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান, শিক্ষক ও গবেষকদের কর্মদক্ষতা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সৌদি আরবের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক ফলই এই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: Daily Amar Desh