র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
খসড়া আইন অনুযায়ী, বিদ্যমান র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠা করা হবে। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট আইনগত কাঠামো নির্ধারণ করা হয়েছে। আইনটি কার্যকর হওয়ার পর র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব এবং রেকর্ডসহ যাবতীয় সম্পদ নতুন এই ইউনিটের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে র্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হয়ে তার জনবল ও সংশ্লিষ্ট সম্পদ এসআরবি কাঠামোর অধীনে ন্যস্ত হবে।
নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এটি ইউনিটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাগুলো প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে। এর ফলে এসআরবি গঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকবে।
সূত্র: Daily Adin