যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ‘বিগ আইল্যান্ডে’ ঘূর্ণিঝড় ‘লালা’র তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক ঘণ্টা ধ্বংসলীলা চালানোর পর এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ মাইল। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত রাজ্যজুড়ে এক লাখ ৮০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। পাওয়ার আউটেজ ইউএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ১২৩ জন গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, ঝড়ের আঘাতে অন্তত ১০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
হাওয়াইয়ান ইলেকট্রিক শনিবার সন্ধ্যায় সতর্ক করে জানিয়েছিল যে, হারিকেন মাত্রার বাতাস ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্যের এক কর্মকর্তা জানান, আকস্মিক বন্যা হাওয়াইয়ের বিভিন্ন অংশে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পরিবহন দপ্তরের ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে বইছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, পানির তোড়ে দুটি বাড়ি পুরোপুরি ভেসে গেছে। এছাড়া রোববার সকাল পর্যন্ত অন্তত ১১৭ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
সূত্র: মানবজমিন