আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত এহেছানুল হক উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের নুর আহম্মদের ছেলে।র্যাব-১৫, কক্সবাজার ও র্যাব-২ এর যৌথ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ তারিখে উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে আসামি এহেছানুল হক তার স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো দা দিয়ে নৃশংস হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও ৫ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম মারা যান। এছাড়া হামলায় তাদের বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নৃশংস এই ঘটনার পর থেকেই আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৫ এর গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে র্যাব-১৫ এবং র্যাব-২ এর একটি যৌথ দল ঢাকা তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান পরিচালনা করে পলাতক আসামি এহেছানুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।