১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের দেশে ফেরার ঐতিহাসিক বার্ষিকী উপলক্ষে এক বিশেষ বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। বিবৃতিতে বলা হয়, প্রতিরোধের এই ধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে, যারা বিশ্বের শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, শত্রু পক্ষ ‘আত্মসমর্পণ’ না করা পর্যন্ত ইরান তাদের বৈধ অধিকার রক্ষা এবং জাতীয় নেতৃত্বের দাবি বাস্তবায়নে অবিচল থাকবে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, এই বিবৃতিতে সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থনের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও আধিপত্য বিস্তারের চক্রান্তের তীব্র নিন্দা ও কঠোর সমালোচনা করা হয়েছে।
১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের স্বদেশে প্রত্যাবর্তনের ঐতিহাসিক বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এই বার্তা দেয়।
সূত্র: ডেইলি বাংলাদেশ