ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর ঠিক আগে শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন দেশটির কোচ সুমিত ফার্নান্দো। কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে তার মৃত্যু হয়। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সুমিত কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর ও প্রশিক্ষক ছিলেন। তিনি শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিসের শুরুর দিকের কোচ হিসেবেও পরিচিত ছিলেন।
গত ৮ আগস্ট ওই ক্রিকেট কোচিং সেন্টারে ঘটনাটি ঘটে। অনুশীলনের সময় কয়েকজন তরুণ ক্রিকেটার পানি পান করতে গিয়ে দেখেন কল থেকে পানি আসছে না। বিষয়টি কর্মীদের জানানো হলে তা নিয়ে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে ক্রিকেটার ও কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে যান সুমিত ফার্নান্দো। তবে সংঘর্ষের মধ্যে তিনি মারধরের শিকার হন। অভিযোগ অনুযায়ী, ১৭ বছর বয়সি এক ক্রিকেটারের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত সুমিতের মৃত্যু হয়। ঘটনার পরপরই ওই ১৭ বছর বয়সি ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত সে সেখানেই থাকবে।
সুমিত ফার্নান্দোর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এমন মর্মান্তিক ঘটনায় দেশটির ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই শোক প্রকাশ করেছেন।
সূত্র: যুগান্তর