আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখা এবং চলমান সংঘাত এড়ানোর লক্ষ্যেই ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে।
আন্দ্রাবি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ স্মারক’ বা এমওইউ বাস্তবায়নের জন্য কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত ১০ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব ও কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বর্তমানে তেহরান সফর করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সৌদি আরবের সাথে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মন্ত্রণালয়ের তরফে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সূত্র: Daily Amar Desh