কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং ওমানের সুলতান হাইথাম বিন তারিক দোহায় এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনায় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অংশীদারিত্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হয়।
বৈঠকে দুই শীর্ষ নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কাতারের আমির দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রশংসা করে জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণ ও অভিন্ন লক্ষ্য অর্জনে কাতার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিক উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কাতারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের কূটনৈতিক সংযোগকে আরও গতিশীল করতে এবং উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ওমান সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সুলতান হাইথাম বিন তারিকের এই সফরকে ঘিরে দোহায় ব্যাপক রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আমিরি টার্মিনালে ওমানের সুলতান ও তাঁর প্রতিনিধিদলকে সরাসরি স্বাগত জানান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সফর শেষে আমিরি হল থেকে সুলতানকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানান তিনি। এছাড়া বৈঠক শেষে সুলতান ও তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে আমিরি দিওয়ানে এক রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠানে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান আল-খানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও লেখুইয়া প্রধান শেখ খলিফা বিন হামাদ আল-খানি, আমিরি দিওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাআবি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-খানি, পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-খানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি এবং ওমানে নিযুক্ত কাতারি রাষ্ট্রদূত শেখ মুবারক বিন ফাহাদ আল-খানি।
ওমানের প্রতিনিধিদলে ছিলেন মাস্কাটের গভর্নর সাইয়্যেদ বিলারাব বিন হাইথাম আল-সাইদ, রয়্যাল কোর্টের দেওয়ান মন্ত্রী সাইয়্যেদ খালিদ বিন হিলাল আল-বুসাইদি, রয়্যাল অফিসের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল-নুমানি, স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ হামুদ বিন ফয়সাল আল-বুসাইদি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সেলিম বিন নাসের আল-আউফিসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রদূতগণ।
বিশ্লেষকদের মতে, সুলতান হাইথাম বিন তারিকের এই গুরুত্বপূর্ণ কাতার সফর জিসিসি (GCC) সদস্যভুক্ত এই দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সমন্বয়কে আগামী দিনগুলোতে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা