মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার প্রশাসন ইরানের সঙ্গে বর্তমানে কেবল আংশিক দর-কষাকষি চালিয়ে যাচ্ছে। রোববার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প জানান, ওয়াশিংটন এখন কোনো ধরনের বাড়তি প্রচার ছাড়াই এই কৌশল নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে অর্ধেক দর-কষাকষি করছি এবং তাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছি। ট্রাম্পের মতে, দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি চলছে এবং তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই।
হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে দেশটি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে ট্রাম্প জোর দিয়ে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, সরাসরি সংঘাতের সময় তেহরান হয়তো সাময়িকভাবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এড়িয়ে চলার চেষ্টা করেছিল। কিন্তু বর্তমানে হামলা বন্ধ থাকায় তারা নিজেদের কঠিন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হচ্ছে এবং তাদের হাতে এর কোনো সহজ সমাধান নেই।
হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে তেহরানের দ্বিধা বা অনিচ্ছার বিষয়ে ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি। তিনি বিষয়টিকে দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেন, সব সময় সব ঠিক হয়ে যায় এবং এবারও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদর ওমান-ইরান চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। এসব দাবির মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রকে ইরানকে হুমকি দেওয়া বা অপমান করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া ইরানের মিত্রদের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের আটকে থাকা সব তহবিল অবমুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।
সূত্র: প্রথম আলো