আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরপর দুই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।গত দুই দিনে চিরবিদায় নেওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন—বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা অজিত মজুমদার।এর মধ্যে আজ সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা অজিত মজুমদারকে শেষ বিদায় জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সশস্ত্র সালাম ও বিউগলের করুণ সুরে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান, তিনি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় সহকারী কমিশনার বলেন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ ও অজিত মজুমদারের মতো দেশপ্রেমিকদের অবদান সাতকানিয়াবাসী ও পুরো জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার ও প্রশাসন সব সময় বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও তাঁদের স্মৃতি রক্ষায় পাশে রয়েছে।”গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং দলমত নির্বিশেষে শত শত মানুষ তাঁর শেষ বিদায় বেলায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন।মহান মুক্তিযুদ্ধে এই দুই বীর বীরের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। জাতির এই দুই বীর সন্তানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।