যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের পক্ষে আর বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না।
গত মঙ্গলবার রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের দীর্ঘপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুতের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। এই প্রেক্ষাপটে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্বীকার করেন যে, কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত কমে এলেও যুক্তরাষ্ট্রের কাছে শক্তিশালী অস্ত্রের সীমাহীন ভাণ্ডার রয়েছে।
ট্রাম্প আরও জানান, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো নতুন নতুন উৎপাদন কারখানা তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে, যা সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
ইরান যুদ্ধ প্রসঙ্গে এ সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা খুব শিগগির শেষ হবে।
আমার মনে হয় না, তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে।’
সূত্র: প্রথম আলো