সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে অবস্থিত জিসিসি সাধারণ সচিবালয়ের সদর দপ্তরে সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে এই উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়। এতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ আল আতিক আল দোসারী।
বৈঠকে জিসিসি অঞ্চলজুড়ে পাসপোর্ট ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সদস্য দেশগুলোতে পাসপোর্ট কার্যক্রমের আধুনিকায়ন এবং নাগরিকদের জন্য সেবার মান বৃদ্ধি করা। এছাড়া আন্তঃআঞ্চলিক সমন্বয় বাড়াতে সদস্য দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে পাসপোর্ট ও অভিবাসন সেবাকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে একাধিক যৌথ সুপারিশ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রশাসনিক সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা