পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছে বোর্ডটি। ৪৬ বছর বয়সী স্মিথ টেস্ট ও সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
স্মিথের খেলোয়াড়ি জীবন ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই দীর্ঘ সময়ে তিনি ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট-এ ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে তার মোট রান ৭ হাজার ২৯, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।
কোচিং ক্যারিয়ারে স্মিথ লেভেল ৪ যোগ্যতা অর্জন করেছেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং মুলতান সুলতানসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন বাবর আজমদের ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে তিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
সূত্র: Jugantor – Sports