মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।। পটুয়াখালী পৌরসভা এলাকায় সরবরাহ করা সাপ্লাইয়ের পানিতে তীব্র দুর্গন্ধ, ময়লা ও পোকা বের হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে শত শত পরিবার। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এলাকার অধিবাসী ও স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদ তাদের এলাকার পানি সংকটের কথা তুলে ধরে কান্নাভেজা কণ্ঠে আক্ষেপ প্রকাশ করে। মেহের চাঁদ জানায়, “আমাদের বাসা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এই সাপ্লাইয়ের পানি দিয়েই আমাদের গোসল করা, রান্নাবান্না ও কাপড় ধোয়াসহ ঘরের সব কাজ করতে হয়। কিন্তু পানি থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়,পানিগুলোও ময়লা ও পোকে ভরা, যা একদমই ব্যবহারের অনুপযোগী। প্রতি মাসে কর্তৃপক্ষ পাইপ পরিষ্কার (ওয়াশ) করার পর ৫ থেকে ৭ দিন শুধু ভালো পানি পাওয়া যায়, তারপর আবার এই নোংরা পানি আসতে শুরু করে।”সে আরও জানায়, এই দূষিত পানি ব্যবহারের কারণে তার ছোট বোনসহ পরিবারের প্রতিটি সদস্য এখন চর্মরোগে ভুগছে। মেহের চাঁদ নিজেও নোংরা পানির কারণে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছে, যার ফলে তার লেখাপড়ারও অনেক ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে অসহায় এই শিশুটি জেলা প্রশাসনের কাছে বিনীত আকুল আবেদন জানিয়ে বলে,আমাদের বাড়িতে একটি গভীর (নলকূপ) বসানো অতি জরুরি প্রয়োজন, যাতে আমরা একটু বিশুদ্ধ পরিষ্কার পানি পেতে পারি।এ বিষয়ে অবিলম্বে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাপ্লাইয়ের পাইপলাইন স্থায়ীভাবে মেরামত এবং গভীর (নলকূপ) পানির সংকট সমাধানের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী অধিবাসীরা।