আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন থেকে এক অজ্ঞাত ব্যক্তির ( ৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরতী ইউনিয়নের পানি চরতী এলাকার একটি বিদ্যুৎ খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতকানিয়া থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ওই ব্যক্তিকে স্থানীয় সুইপুরা, পানি চরতী ও দুরদুরী সেন্টার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তিনি এলাকার কেউ নন এবং তার নাম-পরিচয়ও কেউ নিশ্চিত করতে পারেননি। স্থানীয়দের প্রাথমিক ধারণা, মরদেহে কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যায়নি। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। পাশাপাশি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।