এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্যবহৃত গুলি। তবে কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও এর উৎস এবং সেখানে পৌঁছানোর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র্যাব-৭।উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।