আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় পানি চলাচলের পথ ও নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে এবং সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (২৬ জুলাই ২০২৬) সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত স্মারক লিপি দেওয়া হয়েছে।রিয়াজউদ্দীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল হাশেমের সভাপতিত্বে এবং সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসির উদ্দিন চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাহবুব সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন,পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,জামায়াত নেতা সেলিম খান,হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতকানিয়া উপজেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দাউদ মাহবুব চৌধুরী,সাতকানিয়া পৌরসভা ছাত্রদল নেতা আব্দুর রহিম মাহী,এছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শত শত সাধারণ কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।মূল সমস্যা ও স্মারকলিপির সারসংক্ষেপ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পেশ করা অভিযোগে এলাকাবাসী জানান, ৮ নম্বর ওয়ার্ডের বিলে কিছু প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের উদ্দেশ্যে কৃত্রিমভাবে পানি আটকে রাখায় এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।হাজী বেলায়েত আলী সড়কের ২টি ব্রিজের ওপর ও নিচে বাঁধ নির্মাণ।উপজেলা মোড়ের দক্ষিণে অবস্থিত দারোগা ব্রিজে পানি চলাচল বাধাগ্রস্ত করা।শাম চৌধুরীর বাড়ির কবরস্থানের পূর্ব পাশের ব্রিজ এবং ওয়ার্ডের অন্যান্য অভ্যন্তরীণ কালভার্টের ওপর-নিচে পানি আটকে রাখা।পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে না পারায় এলাকার কৃষিকাজ ও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। কৃষকরা সময়মতো জমিতে চাষাবাদ করতে না পেরে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সামান্য বৃষ্টিপাত হলেই বিলসংলগ্ন বসতবাড়িগুলো পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। এছাড়া রাস্তাঘাট দীর্ঘদিন পানির নিচে থাকায় তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো সুরাহা মেলেনি। উল্টো তারা প্রতিবাদকারীদের ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিলের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। যাতে দ্রুত কৃষিজমি, বসতবাড়ি ও রাস্তাঘাটকে এই তীব্র জলাবদ্ধতা থেকে রক্ষা করা সম্ভব হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,আপনাদের কষ্টের কথা শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। জলাবদ্ধতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা এবং কৃষিজমি বিপন্ন করা সম্পূর্ণ আইনগত অপরাধ।আপনাটা নিজ দায়িত্বে সব অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা অপসারণ করুন। অন্যথায় প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি চলাচলের পথ উন্মুক্ত করবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে।