আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার শত শত সচেতন নাগরিক এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অভিযান চলাকালে সড়ক ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি, যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজকরা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে কেবল একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সকলের সম্মিলিত দায়িত্বশীলতা। ভবিষ্যতেও ধারাবাহিকমাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।উল্লেখ্য,পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সাতকানিয়াকে একটি মডেল ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।