নিউজ ডেক্স>>> কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ৪৮ ক্যান ‘হান্টার’ বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২ (বিজিবি)। এসব ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে ট্রাঙ্কের সাইড কভারের ভেতরে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)-কে আটক করা হয়।অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, একটি স্মার্ট ওয়াচ এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে।অন্যদিকে একই রাতে আরেকটি অভিযানে দমদমিয়া বিওপি চেকপোস্টে চট্টগ্রাম থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় এক যাত্রীর ব্যাগ থেকে ৪৮ ক্যান (প্রতিটি ৩০০ এমএল) হান্টার বিয়ার উদ্ধার সহ টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা মো. হাশিম (৫৬)-কে আটক করা হয়।বিজিবি জানিয়েছে, আটক মো. হাশিম একজন পেশাদার মাদক কারবারি। তিনি পূর্বেও একই অপরাধে বিজিবির হাতে আটক হয়ে জামিনে মুক্ত ছিলেন।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।