এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগী প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।নিহত শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে ফারুককে ছুরিকাঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।এ ঘটনায় আটক দুজন হলেন মো. আরশাদ ওরফে আকাশ (২৪), একই গ্রামের আল আমিনের ছেলে এবং মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯), দুলালের ছেলে।নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন অভিযোগ করেন, আরশাদ ওরফে আকাশ এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। গত মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে তার মাদকসেবন নিয়ে আলোচনা হলে ছাত্রদল নেতা জহিরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় ফারুক আকাশকে দোকান থেকে বের করে দেন। পরদিন সকালে আকাশ বিভিন্ন ব্যক্তির কাছে ফারুককে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।ইমরানের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পেছন থেকে তার বাবার মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়।ওসি রোমেল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুই যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।