মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>>
টাঙ্গাইলের সখিপুরে আলোচিত শিশু সামিয়া হত্যা মামলার একমাত্র আসামী সাব্বির আহমেদকে (২৪) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।গতকাল বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ আদেশ দেন।জানা গেছে, টাঙ্গাইলের সখিপুর উপজেলার উত্তর দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (৯)। সামিয়া ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে নয়টার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর বাড়ির উত্তর পাশে জঙ্গলের কাছে একটি ড্রেনে মাটিতে পুঁতে ঝোঁপ-ঝাড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সামিয়ার বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে সাব্বিরকে একমাত্র আসামি করে সখিপুর থানায় খুনের মামলা দায়ের করেন।
ঘটনায় ২২দিন পর ২৮ সেপ্টেম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাব্বির ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে সাব্বির জানায়, তার ঋনের টাকা পরিশোধ করতে সামিয়ার প্রবাসী ফেরত বাবার কাছ থেকে ‘মুক্তিপণ’ আদায় করতে সামিয়াকে অপহরনের পরিকল্পনা করে। সামিয়া তাকে চিনে ফেলায় গলাটিপে হত্যা করে লাশ ড্রেনে পুঁতে রাখে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ রানা জানান, অপহরণের ঘন্টাখানেক পর সামিয়ার মায়ের ‘ইমু’তে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ক্ষুদে বার্তা পাঠায় সাব্বির।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মির্জা আরিফ ইখ্তিয়ার খোকন সমকালকে বলেন, এ রায়ের মাধ্যমে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাযে তিনি ও নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন।নিহত সামিয়ার বাবা রঞ্জু মিয়া বলেন, আমি মেয়ে হত্যার ন্যায় বিচার পেয়েছি।মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সাব্বির সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সামিয়ার স্কুল দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা’য়ের দোকান করতো। নিহত সামিয়া ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাব্বির প্রতিবেশী।