আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পানিবন্দি হাজারো মানুষ। এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ওয়াহিদার পাড়া এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ সুজা, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়ের হোসেন আরিফ,মানবিক ও সাহসী নেতা, সাতকানিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী এস. এম. ইঞ্জিনিয়ার ইউনুছ এবং ওয়াহিদার পাড়া ইসলামী তরুণ সংঘের সভাপতি আহমদ কবিরসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।ত্রাণ বিতরণকালে স্থানীয়দের দুর্ভোগের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন,গত ৫-৭ দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় অমানবিক জীবনযাপন করছে। অথচ দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ সময়ে স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রশাসনের কোনো প্রতিনিধিকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি।তিনি আরও বলেন, ডলু নদীর ভাঙন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং নদী খনন না করার কারণেই প্রতি বছর এ এলাকার জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনার ফসল।দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। তারা চট্টগ্রামের মানুষের কষ্ট নিয়ে উদ্বিগ্ন। আমি দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়ান। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজকে নিজ উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং খাবার পানির সংকটে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।