মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> আমরা শাসক হতে আসিনি, মানুষের সেবক হতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী কৃচ্ছতার সহিত একশত টাকার লাঞ্চ করেন আমরাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ কর্মকর্তা কর্মচারীগণ একশত টাকার লাঞ্চ করি। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকেও এসি ব্যবহার করেন না। প্রধানমন্ত্রী বলেন -দেশের বিশ কোটি মানুষ যখন কষ্ট সহ্য করছে, তখন আমাদেরও কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করতে হবে৷ ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত এই ৫৫ বছরে যে কাজ সখিপুরে হয়নি সে কাজ আমি আমার সময়ে করে দেখাবো। আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। সখিপুর উপজেলার ১৯২টি সড়কের উন্নয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। সখিপুরে আগামী দুই বছরে প্রায় সাতশ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ এ কাজ গুলো হলে সখিপুরে আর কোনো উন্নয়নকাজ বাকি থাকবে না।শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করুটিয়াপাড়া এলাকায় যাদবপুর ইউপি (নলুয়া- গাজীপুর জিসি শ্রীপুর) ভায়া সালদহ বাজার বেলতৈল সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি রফিকুল ইসলাম , বজলুর রহমান ভূঁইয়া প্রমুখ।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে তিনি সখিপুর সৃষ্টি সংঘ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এই খেলায় সখিপুর ও মির্জাপুর উপজেলা অংশগ্রহণ করে।