মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।দণ্ডপ্রাপ্তরা হলেন—কাচিসাইর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ আক্তার হোসেন। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া ধামতী (উত্তর) গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ রাজিবকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় নিয়মিত এ ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।এ বিষয়ে কাচিসাইরের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী-এর নেতৃবৃন্দ বলেন, মাদক ও মাদকসেবীদের বিরুদ্ধে তাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে তারা “মাদককে না বলি” শীর্ষক মাদকবিরোধী কর্মশালার আয়োজন, সচেতনতামূলক টি-শার্ট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।