নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা >>> সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুন (শনিবার) সকালে উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। লিডার্সের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক ও সম্পাদক মোহন কুমার মন্ডল।প্রধান অতিথির বক্তব্যে এস এম দেলোয়ার হোসেন লিডার্সের ভবিষ্যৎ পথচলার প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের টেকসই উন্নয়নে লিডার্স অত্যন্ত সফল ও স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি অতীতে মতো আগামীতেও যেকোনো ধরণের উন্নয়নমূলক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে লিডার্সকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম লিডার্সের বর্তমান অগ্রগতি ও মানব উন্নয়নে অবদান রাখার সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সংস্থার আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন অর্জন ও পুরস্কার প্রাপ্তির কথা স্মরণ করে সাধারণ পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ লিডার্স যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে সকল কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ পরিষদের সদস্যদের নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম।সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লিডার্সের সাধারণ পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মন, বিধুস্রবা মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনা বিলকিস, লিপিকা রায়, জি এম নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষি উন্নয়ন, বনায়ন ও বন সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে লিডার্সের কার্যকরী ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সংস্থার ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ এবং ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ সংস্থার বিভিন্ন নীতিগত বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।