আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন আনোয়ারার চাতরী ইউনিয়নের রূদ্রা এলাকার (ময়নার বাড়ি) আবদুস ছোবাহানের ছেলে।পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহেল নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায় গিয়াস উদ্দিন। সে ধারালো ছুরি দিয়ে সোহেলকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।এই নৃশংস হামলার পর আহতের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।প্রকাশ্যে ছুরিকাঘাতের এই লোমহর্ষক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সাথে প্রচারিত হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শনিবার ভোরে সাতকানিয়া থেকে মূল অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।ওসি আরও জানান, আজ শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়েও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।