আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণী শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার চুনতি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।নিহত সুরাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজার অভিমুখী ‘ইম্পেরিয়াল পরিবহন’ এবং চট্টগ্রামমুখী ‘পূরবী পরিবহন’-এর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বাস দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। গুরুতর আহত সুরাইয়া জান্নাতসহ অন্য আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ট্রমা সেন্টার) নিয়ে যাওয়া হয়।লোহাগাড়া ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. সাইমুন সিরাজ জানান, সুরাইয়া জান্নাত নামের ওই তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারী শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।